আইসিসি টেস্ট র্যাংকিং অলরাউন্ডার তালিকায় বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে হটিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতের রবীন্দ্র জাদেজা। তৃতীয় স্থানে নেমে গেলেন সাকিব। এক নম্বরে যথারীতি আছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার।
বিশাখাপত্নম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন জাদেজা। দুই ইনিংসে ব্যাট হাতে ৭০ রান ও বল হাতে ৬ উইকেট নেন তিনি। ফলে রেটিং বেড়ে যায় জাদেজার। তাতেই সাকিবকে টপকে যান তিনি। তবে সাকিবের সাথে রেটিং-এ খুব বেশি পার্থক্য নেই জাদেজার। মাত্র ১ রেটিং-এ পিছিয়ে রয়েছেন সাকিব। জাদেজার রেটিং ৩৯৮। সাকিবের ৩৯৭। ৪৭২ রেটিং নিয়ে সবার উপরে আছেন হোল্ডার।
এদিকে, ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে পৌছালেন ভারতের রোহিত শর্মা। প্রথমবারের মত ওপেনার হিসেবে খেলতে নেমে দুই ইনিংসেই সেঞ্চুরি করেন তিনি। ১৭৬ ও ১২৭ রানের ইনিংস খেলেন রোহিত। ফলে ৩৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৭তম স্থানে জায়গা করে নিয়েছেন এই ডান-হাতি ব্যাটসম্যান। এই তালিকার শীর্ষে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।
বোলিং র্যাংকিংয়ে সেরা দশে ফিরেছেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ৮ উইকেট নেন তিনি। তাই ১০ নম্বরে জায়গা করে নিয়েছেন অশ্বিন। সিরিজের প্রথম টেস্টে ক্যারিয়ারে দ্রুত ৩৫০ উইকেট শিকারে যৌথভাবে রেকর্ড গড়েন তিনি। তার মত ৬৬ টেস্টে ৩৫০ উইকেট নিয়েছিলেন শ্রীলংকার মুত্তিয়া মুরলিধরন।
